পৃথক ঘটনা

নীলফামারীতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

নীলফামারীতে পৃথক ঘটনায় দুইশিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা মহাসড়ক ও দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তিস্তা সেচ ক্যানেল এলাকায় এসব মৃত্যুর  র্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে গরুবোঝাই একটি নসিমন জলঢাকা থেকে ডোমারের দিকে যাচ্ছিলেন। এ সময়ে ডোমার-জলঢাকা মহাসড়কের তিনবট নামক স্থান এলাকায় নসিমনের ধাক্কায় চারজন গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাহজাহান আলীর মৃত্যু হয়। নিহত শাহজাহান আলী (৩৪) ডিমলা উপজেলার পাঙ্গা রামডাঙ্গা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

অপরদিকে, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার এলাকায় তিস্তা ক্যানেলের পাশে আজগার আলীর মেয়ে পাখি আক্তার (১২) ও একই এলাকার আবুল হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪) খেলা করছিলেন। সম্পর্কে তারা খালা-ভাগনি। খেলার একপর্যায়ে সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়।

পরে পাখি আক্তার তাকে পানি থেকে তুলতে গেলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ডোমার ও ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব ও শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।