বিয়ের পর অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

৪১ বছর বয়সে এসে নিজের বর্ণাঢ্য এবং অসাধারণ ক্যারিয়ারের ইতি টানার একটি সুনির্দিষ্ট সময়সীমা বাতলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দলের হয়ে তার ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপ খেলে আসার পর, এই পর্তুগিজ স্ট্রাইকার স্বীকার করেছেন যে একজন পেশাদার ফুটবলার হিসেবে তিনি সম্ভবত তার ক্যারিয়ারের শেষ মাসগুলো অতিক্রম করছেন। একই সঙ্গে বুট জোড়া তুলে রাখার পর জীবন নিয়ে তার কী পরিকল্পনা, তাও নিশ্চিত করেছেন তিনি।

আমেরিকান ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো খোলামেলাভাবে বলেন, "সম্ভবত এটিই হবে ফুটবলে আমার শেষ বছর।" সম্প্রতি তার স্ত্রী, স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এই যৌথ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

দুই দশকেরও বেশি সময় আগে শুরু হওয়া এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হওয়া নিজের এই কিংবদন্তিতুল্য ক্যারিয়ারের শেষ টানার বিষয়ে এটিই রোনালদোর দেওয়া সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত।

রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন এবং সম্প্রতি পর্তুগালের হয়ে তার ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলেছেন। শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে হেরে পর্তুগাল ছিটকে গেলে বিশ্বকাপ আসরে তার ঐতিহাসিক যাত্রার সমাপ্তি ঘটে।

অবসরের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা স্পষ্ট করেছেন যে তিনি জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে ভেবে ফেলেছেন। তার ইচ্ছা—অবসরের পরও নিজেকে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ ও ব্যক্তিগত কর্মকাণ্ডে ব্যস্ত রেখে সক্রিয় রাখা, "আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইতোমধ্যেই ছক কষে রাখা আছে। নিজেকে ব্যস্ত রাখার জন্য আমার কাছে এত কিছু আছে যে নির্দিষ্ট কোনো একটির নাম বলা কঠিন। যেহেতু ফুটবল ছেড়ে দেওয়ার পর এক বিশাল শূন্যতা তৈরি হতে পারে, তাই সময়টাকে শুধু একটি নয়, নানাভাবে কাজে লাগাতে হবে।"

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি মাঠের বাইরেও রোনালদো গড়ে তুলেছেন বিশাল এক ব্যবসায়িক সাম্রাজ্য। হোটেল ব্যবসা, হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক, বোতলজাত পানি ও মিডিয়াসহ নানা খাতে তার বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে; যা পেশাদার খেলা ছাড়ার পর আরও গুছিয়ে নিতে চান তিনি।

এর পাশাপাশি পেশাদার ফুটবলের কঠোর নিয়মানুবর্তিতার কারণে এতদিন যেসব শখ থেকে দূরে থাকতে হয়েছিল, সেগুলোতে সময় দেওয়ার প্রত্যাশা করছেন তিনি, "আমি এখন আরও বেশি আনন্দ করতে চাই, ঘুরে বেড়াতে চাই, প্যাডেল খেলা দেখতে ও খেলতে চাই—যা আমি খুব পছন্দ করি। এছাড়া আমি এবং আমরা যা কিছু অর্জন করেছি তা উপভোগ করতে চাই। দিনশেষে, এটি ছিল ২৫ বছরের এক দীর্ঘ ত্যাগের গল্প।"

স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্টাসের মতো ক্লাবে রাজত্ব করে বর্তমানে সৌদি আরবে রয়েছেন তিনি। ৪১ বছর বয়সে এসেও আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন (যদিও চোটের কারণে গত শনিবারে সৌদি লিগের প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি)। তবে প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করলেন যে বিদায়লগ্নে দাঁড়িয়ে আছেন তিনি। যদি তার কথা সত্যি হয়, তবে ২০২৬ সালই হবে তার ২৫ বছরের মহাকাব্যিক ক্যারিয়ারের সমাপনী বছর।

ক্যারিয়ারের শেষ মুহূর্তগুলোতে দাঁড়িয়েও রোনালদো জোর দিয়ে বলেন: "আমি একটি অসাধারণ ও বর্ণাঢ্য উত্তরাধিকার রেখে যেতে চাই।"