রেফারিকে ব্যঙ্গ, নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম

রেকর্ড গড়া গোলের রাতটা শেষ পর্যন্ত বিতর্কের রঙে রাঙিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কাতারের ক্লাব আল-সাদের বিপক্ষে ২-১ গোলের জয়ে ম্যাচ অফিসিয়ালকে ব্যঙ্গাত্মক ইঙ্গিত করে এখন এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন পর্তুগিজ মহাতারকা।

মঙ্গলবার রাতে রিয়াদের আল-আওয়াল পার্কে লিগ পর্বের পঞ্চম রাউন্ডে আল-নাসর ২-১ ব্যবধানে এগিয়ে থাকার সময় ডি-বক্সে বাধা পাওয়ার দাবি তুলে আরেকটি পেনাল্টির আবেদন জানান রোনালদো। তবে জর্ডানের রেফারি আদহাম মাখাদমেহ সেই দাবি ফিরিয়ে দেন এবং সহকারী রেফারির সংকেতে অফসাইডের বাঁশি বাজিয়ে উল্টো আল-সাদকে পরোক্ষ ফ্রি-কিক দেন। 

সিদ্ধান্তে ক্ষুব্ধ রোনালদো হাত দিয়ে চোখ ঢেকে অফসাইডের পতাকা তোলার ভঙ্গি করেন, যেন সহকারী রেফারি না দেখেই পতাকা তুলেছেন। ম্যাচ অফিসিয়ালকে এমন ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়ায় শাস্তির খাঁড়া নেমে আসতে পারে বলে দুশ্চিন্তায় রয়েছেন আল-নাসরের সমর্থকেরা; নিষেধাজ্ঞা এলে আসরের সামনের ম্যাচগুলোতে তাঁকে বাইরে থাকতে হতে পারে। লিগ পর্বে আল-নাসরের সামনে এখনো চারটি ম্যাচ বাকি; সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়াসল ও শাবাব আল-আহলি এবং কাতারের আল-গারানা ও আল-শামালের বিপক্ষে।

অথচ এই ম্যাচেই শুরুতে দারুণ এক ছন্দ ফিরিয়েছিলেন রোনালদো। বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করার পর ১৩তম মিনিটে গোলরক্ষক মিশাল বারশামের ডান পাশ দিয়ে জোরালো শটে বল জালে জড়ান তিনি। এতে চলতি মৌসুমের শুরু থেকে পেনাল্টি নিয়ে চলা হতাশা কাটে তাঁর। গত 

শুক্রবার সৌদি প্রো লিগে আল-আহলির বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন রোনালদো; এর আগে ২০ অক্টোবর নিওমের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে মার্সিন বুলকার হাত থেকেও স্পট-কিক আটকে গিয়েছিল। পরিসংখ্যান বলছে, আল-নাসরে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুটি পেনাল্টি মিস করলেন তিনি, গত মৌসুমে আটটির মধ্যে ছয়টি পেনাল্টি সফল করেছিলেন, আর লিগে তাঁর সর্বশেষ সফল স্পট-কিক ছিল ৩ এপ্রিল আল-নাজমার বিপক্ষে ৫-২ গোলের জয়ে।

আল-সাদের বিপক্ষে ওই পেনাল্টি গোলটি রোনালদোর ক্যারিয়ারের ৯৮৭তম গোল হওয়ার পাশাপাশি আল-নাসরের ইতিহাসে এক নতুন অধ্যায়ও যুক্ত করেছে। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে ক্লাবটির হয়ে এটি তাঁর ১৭তম গোল, যার মাধ্যমে মরক্কোর স্ট্রাইকার আব্দেররাজাক হামদাল্লাহর (১৬ গোল) রেকর্ড ভেঙে আল-নাসরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হলেন তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত