ডাকসুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সিনো-বাংলা ডে ২০২৬- চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ার’। এতে চীনের ৩১টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৪৩০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ের বিনামূল্যে বছরব্যাপী এআই প্রশিক্ষণের সুযোগ তৈরিতে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খান (খান জসিম)।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে চীনের ঐতিহ্যবাহী লায়ন ড্যান্স, শান-হাই চাইনিজ কোয়ারের ‘সেম সং’ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর বাংলা গান পরিবেশিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদ, ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহসভাপতি রেন ওয়াং, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রানা, বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ঝু গুয়াংলেই এবং ঢাকাস্থ চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং প্রমুখ।

ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দীন খান বলেন, সাম্প্রতিক চীন সফরে শীর্ষ বিশ্ববিদ্যালয় ও নীতিনির্ধারকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ফসল হিসেবেই আজকের এই জব ফেয়ার ও প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। নানা প্রতিকূলতার মাঝেও চীনা দূতাবাস, কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এই আয়োজন সফল করতে পেরে আমরা আনন্দিত। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। 

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু, চীনা দূতাবাস ও কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এবং চীনের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় ৩১টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৪৩০টি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ের বিনামূল্যে বছরব্যাপী এআই প্রশিক্ষণের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া এক যুগান্তকারী পদক্ষেপ। 

তিনি বলেন, ডাকসুর প্রতিনিধি দলের সাম্প্রতিক চীন সফরের ধারাবাহিকতায় দুই দেশের শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক জোরদার ও একাডেমিক আদান-প্রদান আরও গতিশীল হবে। এ ছাড়া নারী শিক্ষার্থীদের জন্য চীনা অর্থায়নে ১ হাজার ৫০০ আসনের নতুন হল নির্মাণ ঢাবির দীর্ঘদিনের আবাসন সংকট দূরীকরণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও সিএমসি (CMC)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ‘সিনো-বাংলা ফ্রেন্ডশিপ’ স্কলারশিপ ও বার্সারি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি কনফুসিয়াস ইনস্টিটিউট ও হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং ‘হুয়াওয়ে এআই ট্রেনিং প্রোগ্রাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ ছাড়া ২০২৬ সালের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অর্জনকারীদের জন্য প্রাক-যাত্রা দিকনির্দেশনামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।