ব্রাহ্মণবাড়িয়া ডোবায় পড়ে যাওয়া গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১৭ আগস্ট) বিকেলে পৌর এলাকার কুমারশীল মোড়ে এ ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গরুর মালিকের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে কুমারশীল মোড় এলাকার আইসিইউ হাসপাতালের পিছনে দু'টি গরু ঘাস খাচ্ছিলো। এর মধ্যে একটি গরু পাশের ডোবায় পড়ে যায়। প্রথমে আশেপাশের লোকজন ও পরে নামাজ শেষ করে ফিরতে থাকা মুসল্লিরা বিষয়টি দেখতে পান। নিজেদের চেষ্টায় গরুটিকে উদ্ধার করতে না পেরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সাড়ে পাঁচটার দিকে গরুটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক গরুর মালিককে না পাওয়ায় স্থানীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
রিক্তা চৌহান নামে স্থানীয় এক বাসিন্দা জানান, তার স্কুল পড়ুয়া ছেলে জানালা দিয়ে গরুটিকে ডোবায় পড়ে থাকতে দেখে। প্রথমে ধারণা করা হয় গরুটি হয়তো উঠে যাবে। তবে অনেক চেষ্টা করেও এটি উঠতে পারছিলো না। এক পর্যায়ে অনেকের নজরে আসে বিষয়টি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তাদের একটি দল এসে গরুটিকে উদ্ধার করে। ডোবার কচুরিপানায় আটকে গিয়েছিলো গরুটি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক ফারুক আহমেদ জানান, স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে ডোবা থেকে গরুটি উদ্ধার করা হয়। তবে গরুর মালিককে পাওয়া যায়নি।