নাসিমুল গনি ও এহছানুল হক আরও ১ বছর সচিব থাকছেন

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছর বাড়ানো হয়েছে। গতকাল সোমবার প্রশাসনের শীর্ষ ওই দুই পদে দায়িত্ব পালনে পূর্ববর্তী চুক্তির মেয়াদের শেষ দিনে তাদের নিয়োগ আরও এক বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (চুক্তি ও বৈদেশিক নিয়োগ) মো. গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিনে প্রশাসনে আরও একটি বড় পদোন্নতি দিয়েছে সরকার। একযোগে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুই প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানায়।

জানা যায়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ১৭ আগস্ট সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাসিমুল গনি

ও মো. এহছানুল হক। গতকালের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনি (পরিচিতি নম্বর-৩১০৭)-কে অন্য যেকোনো পেশা এবং সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পূর্বের চুক্তির ধারাবাহিকতায় পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

একইভাবে মো. এহছানুল হকের নিয়োগ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের নিয়োগের অন্যান্য শর্ত আগের চুক্তির মতোই বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের এক দিন আগে গত ১৬ ফেব্রুয়ারি তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব নেন।

এদিকে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত দিল। গতকাল পদোন্নতি পাওয়া ২৭৭ উপসচিবের মধ্যে ১৬৮ জন প্রশাসন ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩১তম ব্যাচের বাইরে অন্যান্য ব্যাচের ৩৫ জন এবং অন্য ক্যাডারের ৭৪ কর্মকর্তা রয়েছে। এর আগে গত ৯ জুলাই উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করেছিল সরকার। উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার দপ্তর বণ্টনের আগে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে।