প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরের সময়সূচি ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
সৌদি যুবরাজ সালমানের আমন্ত্রণপত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আগ্রহও প্রকাশ করা হয়। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ ও মতবিনিময় করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদিতে যাওয়ার আমন্ত্রণ জানান যুবরাজ সালমান। তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।