লা লিগা শুরু হয়েছে, যদিও বড় দলগুলো এখনো মাঠে নামেনি। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ সর্বশেষ প্রস্তুতে ম্যাচে গোলের প্রদর্শনী করেছে। তবে কদিন আগেই উয়েফা সুপার কাপ জয়ী পিএসজি আরেক সুপার কাপ ফাইনাল লিগ আ’র ক্লাব লাঁসের কাছে হেরে গেছে।
রদ্রিকে নিশ্চিত করে বাসেলকে উড়িয়ে দিল বার্সেলোনা : মাঠ এবং দলবদল দুই বিভাগেই বড় চমক দেখাচ্ছে বার্সেলোনা। ম্যানচেস্টার সিটি থেকে ৭৬.৫ মিলিয়ন ইউরোতে ব্যালন ডি’অর বিজয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর চুক্তি চূড়ান্ত করার পরপরই প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ৫-২ গোলে এফসি বাসেলকে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। ৩০ বছর বয়সী স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি আগামী দু-একদিনের মধ্যেই বার্সেলোনায় পৌঁছাবেন। বুধবার স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে আল আহলির বিপক্ষে জোয়ান গাম্পার ট্রফি ম্যাচের আগেই তাকে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে।
ওদিকে রবিবার সুইজারল্যান্ডের সেন্ট ইয়াকব-পার্কে নেমে বার্সেলোনা আক্রমণভাগের ধার তুলে ধরেছে বাসেলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে। ম্যাচের ৩৪ মিনিটে রাফিনিয়ার পাসে চমৎকার ফিনিশিংয়ে বার্সার হয়ে খাতা খোলেন নতুন চুক্তিভুক্ত জার্মান ফরোয়ার্ড কারিম আদিয়েমি। বিরতির পরপরই আদিয়েমির ক্রস থেকে গোল করে বার্সাকে আবারও এগিয়ে নেন হামজা আবদেলকারিম। বিশ্বকাপ জয়ের পর নিজের প্রথম প্রাক-মৌসুম ম্যাচ খেলতে নেমে ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লামিন ইয়ামাল। ক্লাব ব্রুগ থেকে ৮ মিলিয়ন ইউরোতে আসা ১৮ বছর বয়সী বেলজিয়ান ফরোয়ার্ড জেসে বিসিউ ম্যাচের শেষ দুই মিনিটে (৮৯ ও ৯১ মিনিটে) দুর্দান্ত দুটি গোল করে বাসেলকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেন। একটিতে সহায়তা করেন দানি ওলমো এবং অন্যটি বানিয়ে দেন ইয়ামাল।
২৩ আগস্ট এলচের বিপক্ষে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করার আগে বুধবার জোয়ান গাম্পার ট্রফিতে শেষ প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা।
রিয়ালে দিওমান্দের অভিষেক রাঙালেন এমবাপ্পে : প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের শেষ লড়াইয়ে জার্মান ক্লাব শালকে-কে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শতভাগ প্রস্তুত ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের আর্লি গোল এবং ১২৫ মিলিয়ন ইউরোতে দলভুক্ত করা ইয়ান দিওমান্দের অভিষেকের দিনে সহজ জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। নতুন কোচ জোসে মরিনহোর অধীনে চার ম্যাচের প্রাক-মৌসুম সফরে অপরাজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখল রিয়াল।
ম্যাচের পঞ্চম মিনিটে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে নেওয়ার পর আর্দা গুলেরের কর্নার থেকে দারুণ হেডে ব্যবধান ২-০ করেন ডিন হাইসেন। দ্বিতীয় অর্ধে বিকল্প হিসেবে নেমে কার্লোস এস্পি দলের তৃতীয় গোলটি অর্জন করেন। ম্যাচের ৬০ মিনিটে একসঙ্গে নতুন দুই সাইনিং ইয়ান দিওমান্দে ও মার্ক কুকুরেয়াকে মাঠে নামান মরিনহো।
আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬-২৭ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের লড়াই শুরু করবে রিয়াল মাদ্রিদ।
১০ জনের লাঁসের কাছে ট্রফি হাতছাড়া পিএসজির : ফ্রান্সের সুপার কাপ ফাইনালে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আরসি লাঁস। ম্যাচের দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলে পিএসজিকে রুখে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের স্বাদ পেল লাঁস। গ্যালারিতে বসে ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান উপভোগ করেছেন এই রোমাঞ্চকর লড়াই।
২৩ আগস্ট রেনের সঙ্গে ম্যাচ দিয়ে লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করবে পিএসজি।