আসন্ন ২০২৬-২৭ ফুটবল মৌসুমের শুরুতে হচ্ছে না ঐতিহ্যবাহী চ্যালেঞ্জ কাপ। আগামী ২১ আগস্ট পূর্বনির্ধারিত এ ম্যাচটি বাতিল করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরবর্তী সময়ে ভিন্ন নামে ও নতুন তারিখে আয়োজনের পরিকল্পনা থাকলেও মৌসুম শুরুর আগে কোনো ট্রফি বা প্রদর্শনী ম্যাচ থাকছে না বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
গতকাল সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বাফুফে সভাপতি বলেন, ‘আগস্টের শেষ সপ্তাহে ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে স্বাধীনতা কাপের আয়োজন এখনো নিশ্চিত নয়। সুপার কাপ আগেই বাতিল করা হয়েছে। ফলে এবারের মৌসুমে আপাতত দুটি প্রতিযোগিতা নিয়েই এগোচ্ছে বাফুফে।’
এদিকে ফিফার নিষেধাজ্ঞায় থাকা তিন ক্লাবের ভাগ্য নির্ধারিত হবে আগামী ১৯ আগস্ট। সাবেক খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় দলগুলো বর্তমানে খেলোয়াড় নিবন্ধন করতে পারছে না। বকেয়া পরিশোধ করে নিবন্ধনের সুযোগ পেতে তাদের ১৯ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওই দিনই জানা যাবে, প্রাথমিকভাবে রাখা ১৩ ক্লাবের মধ্যে কয়টি দল শেষ পর্যন্ত লিগে অংশ নিতে পারবে। তবে খেলোয়াড় নিবন্ধনের মূল সময়সীমায় কোনো পরিবর্তন আসেনি। গত জুনে শুরু হওয়া দলবদল চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
লিগের ভেন্যু নিয়েও কাজ করছে বাফুফে। গাজীপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ ও মানিকগঞ্জের মাঠগুলো প্রস্তুত রয়েছে। পাশাপাশি চাঁদপুর ও গোপালগঞ্জকে নতুন ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঢাকা জাতীয় স্টেডিয়াম ব্যবহারের দাবিও উঠেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাফুফে।
সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। জাতীয় দল কমিটি খেলার পক্ষে মত দিলেও ফিফার আনুষ্ঠানিক
স্বীকৃতির অপেক্ষায় রয়েছে বাফুফে। স্বীকৃতি পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
অন্যদিকে দ্বিতীয় বিভাগ লিগে ম্যাচ পাতানোর অভিযোগ নিয়েও সতর্ক বাফুফে। প্রতিটি ম্যাচে স্কাউট, ম্যাচ কমিশনার ও বহিরাগত পর্যবেক্ষক রাখার পাশাপাশি ক্লাব প্রতিনিধিদের নিয়ে ‘ইন্টিগ্রিটি সেশন’ আয়োজন করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তাবিথ আউয়াল।