কারিগরি অ্যাসেট প্রকল্প:  ৬ মাসে প্রশিক্ষণ পেল ২ লাখ ২৫ হাজার মানুষ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘অ্যাসেট’ প্রকল্পের আওতায় ফেব্রুয়ারি থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত মাত্র ৬ মাসে মোট ২ লাখ ২৫ হাজার ৩৩৬ জন মানুষ কর্মমুখী ও কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। কারিগরি শিক্ষার উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে চলমান এই প্রকল্পের এই দফার প্রশিক্ষণে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে নারী ১ লাখ ৩০ হাজার ৪৭০ জন এবং পুরুষ ৯৪ হাজার ৮৬৬ জন। অর্থাৎ মোট প্রশিক্ষণার্থীর ৫৭ দশমিক ৯০ শতাংশ নারী। পুরুষের তুলনায় নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা ৩৫ হাজার ৬০৪ জন বেশি। প্রশিক্ষণ নেওয়াদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪ হাজার ৮০ জন এবং ৭৭৯ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

প্রকল্পের স্বল্পমেয়াদি কোর্সের আওতায় ২১ হাজার ৭০২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩৬০ ঘণ্টার এই প্রতিষ্ঠানভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ পরিচালিত হয়েছে নির্বাচিত সরকারি কারিগরি স্কুল ও কলেজ, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষায়িত সরকারি কারিগরি প্রতিষ্ঠান এবং নির্বাচিত বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে। এ কোর্সে প্রশিক্ষণ নেওয়াদের ৩৮ দশমিক ৮৭ শতাংশ নারী। হাতে-কলমে প্রশিক্ষণ, ব্যবহারিক অনুশীলন ও পেশাভিত্তিক দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে কোর্সগুলো সাজানো হয়েছে।

অন্যদিকে, বিভিন্ন শিল্পদক্ষতা পরিষদ, শিল্প সমিতি এবং বণিক ও শিল্প সমিতির মতো শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারদের মাধ্যমে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণে ২ লাখ ৩ হাজার ৬৩৪ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের ৫৯ দশমিক ৯৩ শতাংশ নারী।

প্রশিক্ষণের ধরন অনুযায়ী কোনো কোনো কোর্স সরাসরি শিল্পকারখানার বাস্তব উৎপাদন পরিবেশে পরিচালিত হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে প্রশিক্ষণের ৫০ শতাংশ নির্বাচিত দক্ষতা প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানে এবং বাকি ৫০ শতাংশ শিল্পকারখানায় শিক্ষানবিশ হিসেবে কাজের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এতে প্রশিক্ষণার্থীরা পেশাসংশ্লিষ্ট কারিগরি দক্ষতার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনব্যবস্থা, কর্মক্ষেত্রের শৃঙ্খলা ও নিরাপত্তা এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।