ডেঙ্গুর কাছে হার মানলেন শিক্ষক

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম রুবেল (৩৪) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গত রবিবার গভীর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের খ-কালীন শিক্ষক ছিলেন।

মাদারীপুরের রাজৈর গ্রামের সেলিম মোল্লার ছেলে ওই স্কুল শিক্ষক চাকরির সুবাধে পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। নিহতের স্ত্রী হোসনে আরা আক্তার নিপা (৩১) একজন স্কুল শিক্ষিকা। তার ১২ বছর বয়সী একটি ছেলে ও দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের ভগ্নিপতি আল আমিন জানান, গেল সপ্তাহের বুধবার ডেঙ্গু আক্রান্ত হলে স্কুল শিক্ষক রফিকুলকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিসিতে ঠাঁই না পেলে তাকে পরদিন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৩টার দিকে তিনি মারা যান।