বরগুনার পাথরঘাটায় দেড় কেজি ওজনের একটি ইলিশ মাছ প্রায় ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে শাম্মি ফিশ থেকে মাছটি ক্রয় করেন মো. শিমু নামের এক মৎস্য পাইকার। এর আগে রবিবার রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে জেলের জালে মাছটি ধরা পড়ে।
বিএফডিসি মৎস্যঘাটের পাইকার মো. শিমু জানান, সকালে বিএফডিসি মৎস্যঘাটের আড়তদার সাইকুল ইসলামের মেসার্স শাম্মি মৎস্য আড়তে বলেশ্বর নদীর জেলে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। তিনি ইলিশ মাছটি নিলামে তুললে প্রতি মনের দাম ওঠে ১ লাখ ৪০ হাজার টাকা। ওই দামে নিলামের মাধ্যমে ক্রয় করেন এবং অধিক লাভের জন্য গোপালগঞ্জের কাশিয়ানী বাজারে বিক্রি করার জন্য পাঠান তিনি। গতকালের পাইকারি বাজারের নিলামে ওই বড় ইলিশটির চাহিদা ছিল বেশ ভালো। ইলিশটির মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৮৮২ টাকা।
স্থানীয় জেলেরা জানান, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরই একের পর এক নিম্নচাপ চলছে। এ কারণে অধিকাংশ জেলেই মাছ শিকার করতে পারছেন না। যার কারণে মাছ ধরতে গিয়ে জালে এই বড় ইলিশটি ধরা পড়ে। তবে গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও জেলের জালে এমন একটি বড় ইলিশ উঠেছে তার জন্য তারা খুবই খুশি। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন না।