ডেমরায় পাইপবোমা নিষ্ক্রিয় করেছে ডিএমপি

রাজধানীর ডেমরা থেকে উদ্ধার হওয়া দুটি অবিস্ফোরিত পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল সোমবার ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে ডেমরা থানার পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে জুয়েল ওরফে ওস্তাদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। এরপর ডেটোনেটিং কর্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষতি হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।