যাত্রাবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ী এমেদ আলীকে (৫০) কুপিয়ে ৬২ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার স্বজনরা।

ভুক্তভোগীর চাচাতো ভাই হিরন মিয়া জানান, সকালে মাছ কিনতে রিকশায় করে আড়তের দিকে যাচ্ছিলেন এমেদ। যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে চারজন ছিনতাইকারী রিকশাটির গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দেখিয়ে এমেদের কাছে থাকা টাকা দিয়ে দিতে বলে। টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তা জোর করে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে এমেদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ৬২ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে এমেদকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সকাল ১০টার দিকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। আহত এমেদের বাসা উত্তর বাড্ডায়। তার বাবার নাম মোহর আলী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি জরুরি বিভাগের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

ছিনতাইয়ের ঘটনায় ১৪ ঘণ্টা পার হলেও পুলিশ বিষয়টি জানে না বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু। গতকাল সন্ধ্যা ৭টা দিকে তিনি দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনা আমাদের জানা নেই। কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা নিয়মিত ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান করছি।