প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আ.লীগ নেতা খোকা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা কমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকা। গতকাল সোমবার ভোররাত ৪টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয় তাকে। পরে দুপুরে বাদ জোহর চন্দনাইশে হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেন তিনি। চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড মধ্যম হারলা নাজির আলী কেরানীবাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর খোকাকে কড়া নিরাপত্তার মধ্যে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

শাহাদাৎ নবী খোকার বাবা নুর নবী সওদাগর (৯০) রবিবার ভোর ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য শাহাদাৎ নবী খোকাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।