দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বগুড়াগামী মেইল বাসের ধাক্কায় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী শেফা মনি (৯) ফুলবাড়ীর নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে ফুলবাড়ী পৌরসভার উত্তর সুজাপুরের ইস্তামুলের দ্বিতীয় সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলে যাওয়ার পথে সে তার মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে আসা বগুড়াগামী মেইল বাসটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, বাসটিকে চিহ্নিত করতে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।