ডারউইন জিতে ম্যাকের পথে তাসকিন-হাসানরা

ডারউইনে ইতিহাস গড়ে এবার ম্যাকের পথে বাংলাদেশ দল। অজিদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের পরে নাজমুল হোসেন শান্তর দল এবার দেখছে প্রথমবারের মতো সিরিজ জয়ের। তারই লক্ষ্যে ডারউইন ছেড়ে ম্যাকে’র উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাকেতে পৌঁছাবে সফরকারী দল। সেখানে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় শেষ টেস্টটি শুরু হবে আগামী ২২ আগষ্ট।

ম্যাকের উদ্দেশ্যে যাত্রার আগে দলের পেস বিভাগের হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদকে নিয়ে সেলফি ক্যামেরার ছবিতে বন্দী হয়েছেন তাসকিন আহমেদ। সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘দ্বিতীয় টেস্টের জন্য মুখিয়ে আছি, আমাদের জন্য আপনাদের শুভকামনা রাখবেন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের চতুর্থ টেস্ট সিরিজ। যেখানে এখন পর্যন্ত ৭ টেস্টে দুটিতে জিতেছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরে ২০ রানের জয়ের পর ডারউইনের ৯ উইকেটের এই দাপুটে জয়টি দ্বিতীয়। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার আরও এক ইতিহাস গড়ার স্বপ্নটাই দেখছে নাজমুল হোসেন শান্তর দল, অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের।