তুমি মেঘমল্লার হতে চেয়েছিলে; অথচ বর্ষা তোমার প্রিয় ঋতু ছিল না।
তোমার কড়ে আঙুলে এই প্রবল সত্য বারবার ফুটে উঠেছে
আর তুমি লুকিয়ে ফেলেছ তোমার আঙুল, নখরসুদ্ধ।
তারও বহু আগে
আমি ছুঁয়ে ফেলেছি তোমার হাত
বিষনখ
এবং
আগুন।
পুড়ছে অথবা বিষিত...
মেঝেতে পড়ে থাকা আপাত নিরীহ পোকাটাই
একদিন কিলবিলে শরীর বেয়ে ঠিক পৌঁছে যাবে
মগজের প্রগাঢ় প্রকোষ্ঠে।
নীলব্যথায় কাতরাতে কাতরাতে তুমি ছুঁতে চাইবে এক বিষণ্ণ বরফ।
একদিন তুমি ঠিকই জানবে
আকাশ এক প্রখর হাহাকারের শূন্য শব্দ ছাড়া আর কিছু নয়...