ইথিওপিয়ার রাজন্য আকাশে অবলোকন করেছিলেন
মারাত্মক উজ্জ্বল এক নক্ষত্র,
আমাদের তেমন কিছু দেখার উপায় আছে কি—
আমরা রোদে পুড়ি, ভিজি তুমুল বর্ষায়
স্বপ্নেও দেখি না রাজছত্র,
নয়নব্যাপী কেবলই পুরু হচ্ছে ছানি—
শুনি পূর্বাচলে দৃশ্যমান হচ্ছে জোড়া ধূমকেতু,
আমাদের বিদ্যাবুদ্ধির বড্ড অনটন, পুঁথিপাঠেও অদক্ষ
গুলিয়ে ফেলি কে ফুল্লরা আর কে কালকেতু,
উপঢৌকন হিসাবে নিয়ে এসেছি আমাদের প্রবল গ্লানি,
না, জোগাড় করতে পারিনি
সুগন্ধী, মসলিন কিংবা কালিজিরা চাল,
সুচের ফোঁড়ে আমাদের নকশীকাঁথায় ফুটছে
মাকড়শার জাল
কোনো সিদ্ধান্ত নিতেও আমরা অপারগ—
আমাদের স্বপ্নমেদুর পরিকল্পনা দৈব দুর্বিপাকে হয়েছে বানচাল,
দুলতে দুলতে মুখ থুবড়ে পড়েছে আমাদের দ্বিধাদ্বন্দ্বের পেন্ডুলাম
অত শত বুঝতে পারিনি—
আন্দাজও করতে পারিনি আমাদের পরিণাম,
আমাদের ফসলের মাঠ বিশুষ্ক, মৌসুমজুড়ে পাইনি বৃষ্টির ছোঁয়া
আমরা বড্ড গরিব,
বাঞ্চা করি ফণীমনশা, জলভারে নত আকাশ
বাঞ্ছা করি অশ্রুসিক্ত সজীব।