প্যারিসে বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা, সংস্কৃতি ও নতুন সম্ভাবনা

প্রবাসে খাবার শুধু স্বাদের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, সংস্কৃতি ও শেকড়ের সম্পর্ক।

দীর্ঘদিন বিদেশে বসবাস করা বাংলাদেশিদের কাছে দেশীয় খাবার তাই অনেকটা নিজের পরিচিত পরিবেশের অনুভূতি ফিরিয়ে আনে।

প্যারিসে বাংলাদেশি কমিউনিটির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দেশীয় খাবারের চাহিদাও তৈরি হয়েছে। সেই চাহিদা পূরণে ধীরে ধীরে গড়ে উঠছে বাংলাদেশি রেস্তোরাঁ, ক্যাটারিং ও ঘরে তৈরি খাবারের নানা উদ্যোগ। বাংলাদেশি খাবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বৈচিত্র্য।

ভাত, মাছ, মাংস, ডাল, ভর্তা, শাকসবজি থেকে শুরু করে বিরিয়ানি, মেজবানি খাবার, পিঠাপুলি ও নানা ধরনের মিষ্টান্নে রয়েছে আলাদা স্বাদ ও ঐতিহ্য। দেশের বিভিন্ন অঞ্চলের রান্নার মধ্যেও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। প্রবাসে এসব খাবার সহজলভ্য হওয়া শুধু বাংলাদেশিদের খাদ্যচাহিদা পূরণ করছে না, একই সঙ্গে দেশের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতিকে ধরে রাখতেও ভূমিকা রাখছে।

এই বাস্তবতার মধ্যেই প্যারিসের ববিনি এলাকায় মেজ ফিউশনের যাত্রা । রেস্তোরাঁ হিসেবে যাত্রা শুরুর আগে ঘরে তৈরি ও দেশীয় খাবারের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিনের যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেটিই পরবর্তীতে স্থায়ী খাবারের ঠিকানা তৈরির ভিত্তি হয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় খাবারের একটি স্থায়ী চাহিদা রয়েছে।

মেজ ফিউশনের মতো উদ্যোগের আরেকটি দিক হলো বাংলাদেশি খাবারকে শুধু বাংলাদেশি কমিউনিটির মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্য দেশের মানুষের কাছেও পরিচিত করার সুযোগ।

বাংলা খাবারের পাশাপাশি ভারতীয়, ফরাসি ও ইউরোপীয় খাবারের আয়োজন থাকায় ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে খাবারের মাধ্যমে একটি সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হতে পারে।

একটি দেশের খাবার অনেক সময় সেই দেশের সংস্কৃতি ও জীবনযাত্রাকে জানার সহজ পথ হয়ে ওঠে। প্রবাসে বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রয়োজনীয়তাও বিভিন্নভাবে সামনে আসছে। কর্মব্যস্ত প্রবাসী জীবনে অনেকের নিয়মিত দেশীয় খাবার রান্না করার সুযোগ থাকে না। আবার বিয়ে, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক আয়োজন কিংবা বিভিন্ন কমিউনিটি অনুষ্ঠানে বাংলাদেশি খাবারের প্রয়োজন হয়।

এ ক্ষেত্রে রেস্তোরাঁ ও ক্যাটারিং সেবা প্রবাসীদের দৈনন্দিন ও সামাজিক জীবনের একটি বাস্তব চাহিদা পূরণ করছে। বাংলাদেশি খাবারের ব্যবসা নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও ভূমিকা রাখছে। ঘরে রান্না করা খাবার থেকে শুরু করে অনলাইন অর্ডার, ক্যাটারিং এবং পরবর্তীতে রেস্তোরাঁ প্রতিষ্ঠার মাধ্যমে অনেকেই নিজেদের দক্ষতাকে ব্যবসায়িক উদ্যোগে পরিণত করার সুযোগ পাচ্ছেন।

বিশেষ করে রান্নার সঙ্গে যুক্ত ব্যক্তি, তরুণ প্রজন্ম এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করছে। একই সঙ্গে এসব উদ্যোগ স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে পারে। তবে প্রবাসে বাংলাদেশি খাবারকে আরও জনপ্রিয় করতে হলে শুধু ঐতিহ্যবাহী স্বাদ ধরে রাখাই যথেষ্ট নয়।

খাবারের মান, পরিচ্ছন্নতা, উপস্থাপন, সেবার মান এবং স্থানীয় মানুষের খাদ্যাভ্যাসের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সমন্বয় করতে পারলে বাংলাদেশি খাবার আরও বড় পরিসরে পরিচিত হওয়ার সুযোগ পাবে।

প্যারিসের মতো বহুসাংস্কৃতিক শহরে বাংলাদেশি খাবারের প্রসার তাই শুধু ব্যবসার বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখা, নতুন প্রজন্মকে দেশীয় খাবারের সঙ্গে পরিচিত করা এবং বাংলাদেশের খাদ্যঐতিহ্যকে অন্য সংস্কৃতির মানুষের কাছে তুলে ধরার সুযোগ।

মেজ ফিউশনের মতো নতুন উদ্যোগগুলো সেই সম্ভাবনারই একটি অংশ। দেশীয় খাবারের চাহিদা পূরণের পাশাপাশি যদি এসব প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারকে গুরুত্ব দিয়ে মানুষের কাছে তুলে ধরতে পারে, তাহলে প্রবাসে বাংলাদেশি খাবারের বাজার যেমন বিস্তৃত হবে, তেমনি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির পরিচিতি আরও বাড়বে।