বাংলাদেশি প্রবাসী লটারিতে জিতলেন ১ লাখ দিরহাম

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০২:৩৯ এএম

সংযুক্ত আরব আমিরাতে টানা দুই বছর লটারির টিকিট কিনে অবশেষে ভাগ্যের দেখা পেয়েছেন বাংলাদেশি প্রবাসী আরিফুজ্জামান শুভ। ‘বিগ টিকেট’-এর সিরিজ ২৮৯-এর সান্ত্বনা পুরস্কার হিসেবে তিনি জিতেছেন ১ লাখ দিরহাম।

৩৮ বছর বয়সী আরিফুজ্জামান গত ১৭ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস ও চাকরি করছেন। আজমানকে তিনি নিজের আবাসস্থল হিসেবে গড়ে তুললেও তাঁর পরিবার বাংলাদেশে থাকে।

প্রায় দুই বছর ধরে নিয়মিত ‘বিগ টিকেট’ কিনছিলেন আরিফুজ্জামান। প্রতি মাসে ১০ বন্ধুর একটি দলের সঙ্গে তিনি টিকিট কিনতেন। দীর্ঘদিনের সেই চেষ্টার পর সিরিজ ২৮৯-এ এসে মিলেছে সাফল্য।

বিজয়ের খবর পাওয়ার অনুভূতি জানিয়ে আরিফুজ্জামান বলেন, ‘বিজয়ী হওয়ার খবরটি পাওয়ার পর আমি এতটাই অভিভূত হয়ে পড়েছিলাম যে কোনো কথাই বলতে পারছিলাম না। বিষয়টি এখনও আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। তবে জিতে আমি অত্যন্ত আনন্দিত।’

পুরস্কারের অর্থ তাৎক্ষণিকভাবে কীভাবে খরচ করবেন, সে বিষয়ে কোনো পরিকল্পনা করেননি আরিফুজ্জামান। ভবিষ্যতের জন্য অর্থটি জমিয়ে রাখতে চান তিনি। পাশাপাশি নিজের আরও স্বপ্ন পূরণের আশায় ‘বিগ টিকেট’-এ অংশগ্রহণ অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

অন্য প্রতিযোগীদের উদ্দেশে আরিফুজ্জামান বলেন, ‘সবারই বিগ টিকেট কেনা উচিত, কারণ এটি ভবিষ্যতের জন্য আশা জাগায়। বিগ টিকেট টিমকে ধন্যবাদ।’

সিরিজ ২৮৯-এ মোট পাঁচজন সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। তাঁদের প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন। বিজয়ীদের মধ্যে আরিফুজ্জামানের পাশাপাশি ভারতের কেরালার অখিল চন্দ্রন আর পি, সাইদালাভি কারিওদান ভারিচালিল ও শরৎ শশিধরণ রয়েছেন। অন্য বিজয়ীও একজন বাংলাদেশি নাগরিক—সবুজ মো. দেলোয়ার মুন্সি।

সিরিজটিতে পাঁচ বিজয়ীর মধ্যে মোট ৫ লাখ দিরহাম পুরস্কার বিতরণ করা হয়েছে।

সূত্র: গলফ নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত