মানবতাবিরোধী অপরাধ

খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা 

গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে হত্যাকান্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

পাশাপাশি মামলায় পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

প্রসিকিউশনের দাখিলকৃত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। 

এ মামলায় গ্রেপ্তার হয়ে চারজন কারাগারে আছেন। তারা সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক।

ট্রাইব্যুনালে অভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামে দুই আন্দোলনকারীকে হত্যা এবং ৩৪ জনকে গুরুতর আহত করার অভিযোগে এ মামলাটি হয়। 
ট্রাইব্যুনালে প্রসিকিউশনপক্ষে শুনানি করেন প্রসিকিউটর এস এম মইনুল করিম। তিনি দেশ রূপান্তরকে বলেন, এ মামলায় আগেই আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করা হয়েছিল। আজ গ্রহণযোগ্যতার ওপর শুনানি হয়েছে। ট্রাইব্যুনাল ৩৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে।