নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ এবং বকেয়া বিল আদায়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৮ আগস্ট) সদর ও শিবপুর উপজেলায় পরিচালিত এ যৌথ অভিযানে মোট ১৮টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় বকেয়া বিল বাবদ প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।
তিনি জানান, অভিযানকালে অবৈধ সংযোগ গ্রহণ ও আইন লঙ্ঘনের দায়ে 'বাংলাদেশ গ্যাস আইন, ২০১০' অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৮টি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ২ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ গ্যাস সংযোগ রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতির মূল কারণ। এছাড়া এটি বৈধ গ্রাহকদের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত করার পাশাপাশি চরম জনঝুঁকি তৈরি করছে। গ্যাসের অপব্যবহার ও অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।