নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশ কনস্টেবলসহ আটক ৪

আইন রক্ষকের হাতেই মাদকের আসর; স্থানীয় জনতার সামাজিক প্রতিরোধে ধরা খেলেন বেলাবো থানার কনস্টেবল শামসুলসহ চারজন!

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১২:২৮ পিএম

নরসিংদীর বেলাবোতে মাদক কারবারিদের সঙ্গে মাদক সেবনের অভিযোগে শামসুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বেলাবো সদর ইউনিয়নের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আটক ব্যক্তিরা হলেন- বেলাবো থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, মাটিয়ালপাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) এবং মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)। শামসুল ইসলাম বেলাবো থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে কনস্টেবল শামসুল ইসলামসহ কয়েকজন মাদক কারবারির সঙ্গে মাদক সেবনে লিপ্ত হন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ওই বাগানবাড়ি ঘেরাও করেন। একপর্যায়ে সেখান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে, গত ২৭ এপ্রিল উপজেলার খামারের চর এলাকা থেকে জীবন নামে আরেক পুলিশ কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, বেলাবো থানার বারৈচা বাজার থেকে এক মোটরসাইকেল আরোহী ইয়াবা নিয়ে খামারের চর এলাকায় যাচ্ছেন।

পরে খামারের চর এলাকার এএনএম উচ্চবিদ্যালয়সংলগ্ন জামে মসজিদের সামনে অবস্থান নেয় ডিবির একটি দল। কিছুক্ষণ পর মোটরসাইকেল আরোহী সেখানে পৌঁছালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ছিলেন মো. জীবন মিয়া (২৮)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাবো থানায় কর্মরত একজন পুলিশ কনস্টেবল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত