চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক মাখনুউন তাবাসসুম উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি ফার্মেসিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।