কাউখালীতে ভাত রান্না নিয়ে বিরোধ, কাঠের ডাসার আঘাতে মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

পিরোজপুরের কাউখালী উপজেলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে বিরোধের জেরে মা কানন বালা (৬৫)কে কাঠের ডাসা দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সুজন বালার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় সুজন বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিহত কানন বালা উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ভাত রান্না নিয়ে কানন বালার সঙ্গে তার একমাত্র ছেলে সুজনের কথা-কাটাকাটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মধ্যে ঝগড়া চলার একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন ক্ষিপ্ত হয়ে দরজায় লাগানো কাঠের ডাসা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ।

পরদিন রোববার (১৬ আগস্ট) ভোরে ঘুম থেকে উঠে সুজন তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি প্রতিবেশী ও মামাদের ডেকে আনেন। স্বজনরা কানন বালাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে কানন বালা মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে ভাগনে সুজন বালাকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।