ব্রাহ্মণবাড়িয়া পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মাদক বিরোধী র‌্যালি

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১১:৩৬ পিএম

মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশ, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকা নিয়ে 
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শ্রেণী পেশা ও নাগরিকবৃন্দের সাথে মাদক বিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। এসময়  সভায় বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক সেবনকারী, ব্যবসায়ী, ডিলার ও মাদক কারবারীর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষায় মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। 

তিনি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সুধী সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন ,মাদক শুধু একজন ব্যক্তিকে নয় একটি পরিবার, একটি প্রজন্ম এবং সর্বোপরি পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; এটি সমগ্র সমাজের সম্মিলিত দায়িত্ব।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ সভাপতির বক্তব্যে বলেন ,মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে সবাই একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে এবং মাদক প্রতিরোধে মাদক সংক্রান্ত যেকোন তথ্য পুলিশকে জানানোর জন্য সমাজের সবাইকে অনুরোধ জানান। সভাপতি বিকেলে বিরোধী র‌্যালি  ও সমাবেশের শুভ উদ্ধোধন করেন। 

মাদকবিরোধী সমাবেশে বিশেষ অতিথিবৃন্দের পাশাপাশি সমাজের রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সুধী সমাবেশে আগত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ র‌্যালিতে অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। মাদক বিরোধী র‌্যালিটি নিয়াজ মুহম্মদ উচ্চ বিল্যায়ের মাঠ হতে শুরু হয় এবং ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত