গুঞ্জন: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি

ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তুর্কি সংবাদমাধ্যমসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হলেও, ৫৩ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার নিজে থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বক্তব্য দেননি।

তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এমপি আলী শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত ইসলামিক চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথ পরিদর্শনের সময় দেশটির বিশিষ্ট মুসলিম নেতা শেখ জিহাদ হামাদার সাথে তাঁর সাক্ষাৎ হয়।

আলী শাহিনের বক্তব্য অনুযায়ী, শেখ জিহাদ হামাদা তাঁকে জানিয়েছেন যে রবার্তো কার্লোস বেশ কিছু দিন ধরে তাঁর সাথে যোগাযোগ রাখছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে তিনি স্বশরীরে গিয়ে শেখ হামাদার কাছে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন।

মরোক্কান সুন্দরী সুহাইলা এল তাহিরির সাথে বিবাহ

ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার কিছুদিন আগেই রবার্তো কার্লোসের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

স্পেনে বসবাসকারী সুহাইলা এল তাহিরি মরোক্কান বংশোদ্ভূত এবং পেশায় একজন ফিফা লাইসেন্সপ্রাপ্ত ফুটবল এজেন্ট। খেলোয়াড়দের ক্যারিয়ার ম্যানেজমেন্ট এবং পেশাদার প্রকল্প নিয়ে কার্লোসের সাথে তাঁর সম্পর্কের সূচনা হয়েছিল, যা পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে রূপ নেয়।

যদিও নতুন করে ছবিগুলো ১৭ আগস্টে ছড়িয়ে পড়েছে, তবে তাঁদের বিয়ের বিষয়টি বছরের শুরুতেই (জানুয়ারিতে) জানা যায় এবং ২৫ জুলাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ছোট আয়োজনের মাধ্যমে বিবাহ উৎসব উদযাপিত হয়।

রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা বাঁ-পায়ের ফুলব্যাক হিসেবে পরিচিত। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়া এই মহাতারকার ধর্ম পরিবর্তনের বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।