ইমরান খানকে হাসপাতালে ভর্তির নির্দেশ আদালতের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে অবিলম্বে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার ইমরান খানের মুখপাত্র নাইম হায়দার এক্স পোস্টে জানিয়েছেন, আদালত ইমরানকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে সেখানে রাখার নির্দেশও দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে তার দল পিটিআই। আদালত বলেছে, যেকোনো অভিযুক্তের স্বাস্থ্যসেবার অধিকার একটি মৌলিক অধিকার। একই সঙ্গে তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও তার সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এবং ইমরান খানের বোন উজমা খান আদালতে একটি আবেদন করেছিলেন। এর ভিত্তিতেই সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত পরবর্তী শুনানিতে ইমরান খানের চিকিৎসা প্রতিবেদন উপস্থাপনেরও নির্দেশ দিয়েছে।