গরম আর বাতাসের আর্দ্রতা মিলিয়ে ঘাম হচ্ছে প্রচুর, আর সবচেয়ে বেশি ঘামছে চুল। স্ক্যাল্পে ঘাম বসে মাথার তালু চুলকাচ্ছে, গন্ধ হচ্ছে আবার চুল উঠেও যাচ্ছে। ভ্যাপসা গরমের সময় মাথার তালু ঘামার সমস্যায় অনেকেই ভোগেন। এর থেকে প্রতিকার পাওয়ার উপায়ও জানা থাকা দরকার। জানিয়েছেন রূপবিশেষজ্ঞ তানজিনা
একদিন পর পর শ্যাম্পু করুন
যদিও সপ্তাহে দুবার, বড়জোর তিনবারের বেশি শ্যাম্পু করা ঠিক নয়, মাথায় খুব ঘাম জমলে উপায় নেই। হালকা ক্ল্যারিফায়িং শ্যাম্পু তালুতে অল্প একটু ঘষে চুল ধুয়ে নিন। চুলে কন্ডিশনার অবশ্যই লাগাবেন, তাতে স্ক্যাল্প আর চুল দুইই তরতাজা থাকবে।
চুল ছোট করে কেটে নিন
যাদের চুল অনেক ঘন ও লম্বা। গরমের এই সময়টাতে বেশি ঘামছে তারা চাইলে চুল ছোট করে কেটে রাখতে পারেন। এতো চুল শুকাতে ও নিয়মিত পরিষ্কার করা অনেক সহজ হবে।
চুল সারাক্ষণ বেঁধে রাখবেন না
যাদের চুল লম্বা তাদের অনেক গরমের এই সময়ে চুল বেঁধে রাখার কাজটি করেন। অথচ লম্বা চুল কিন্তু সারা দিন বেঁধে রাখা ঠিক না। চুল বেঁধে রাখলে চুলের গোড়ায় খুব ঘাম জমে যায়। মাঝেমাঝে চুল খুলে পাখার নিচে বসুন, ভালো করে চুলটা শুকিয়ে ও চিরুনি দিয়ে আঁচড়ে নিন।
ভেজা চুল বাঁধবেন না
চুল ভেজা অবস্থায় বেঁধে রাখলে চুলের ক্ষতি তো হয়ই, চুলের গোড়ায় ঘামও জমতে থাকে। চুল ভালো করে শুকিয়ে তবে আলগা করে বেঁধে রাখবেন। খুব টাইট করে বাঁধলে গোড়ায় চাপ পড়ে চুল দুর্বল হয়ে যাবে।
সপ্তাহে একদিন হেয়ার মাস্ক
নির্দিষ্ট হেয়ার মাস্ক চুলে ঘাম আর তেল জমা কমাতে পারে। তিন টেবিল চামচ লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ ডাবের পানি মিশিয়ে সেটা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্যাল্প পরিষ্কার হবে, চুল তরতাজা থাকবে এবং গন্ধ হবে না।
পেপারমিন্ট অয়েলের কেরামতি
শ্যাম্পু বা তেল মাখার আগে তাতে কয়েক ফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন। পেপারমিন্ট অয়েলে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে যা স্ক্যাল্প ফ্রেশ রাখে।