লাউয়ের তিন পদ

রেসিপি দিয়েছেন দিলরুবা ফেন্সি

উপকরণ

লাউ মাঝারি আকারের ১টি, চিনি ২ কাপ, দুধ ২ লিটার, ঘি ২ টেবিল চামচ, এলাচ ২টি, দারুচিনি ২ টুকরো, তেজপাতা ১টি, গোলাপ জল ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে লাউয়ের খোসা ফেলে মাঝখানের বিচিসহ নরম অংশ ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।

গ্রেটারে লাউ চিকন করে কুচিয়ে তারপর সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে ঠা-া হলে চিপে পানি ফেলে দিন। অন্য একটি পাত্রে ২ লিটার দুধ ফুটিয়ে ১ লিটার করুন। এরপর চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা যোগ করে দুধের মিশ্রণ ঘন করে নিন। ফ্রাইপ্যানে ঘি ও সেদ্ধ লাউ দিয়ে ভাজুন। এবার দুধের ওই ঘন মিশ্রণ দিয়ে ফুটে ঘন হয়ে এলে গোলাপ জল দিয়ে নামিয়ে পরিবেশন করুন লাউয়ের পায়েস।

লাউয়ের কাবাব

উপকরণ

লাউ আধা কেজি ওজনের ১টি, শুকনো মরিচের গুঁড়ো ১ চা চামচ, ধনের গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, গরম মসলার গুঁড়ো আধা চা চামচ, ভাজা জিরের গুঁড়ো আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১টি, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, বেসন ৪ টেবিল চামচ, পাতি লেবুর রস ১ চা চামচ, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে লম্বাভাবে গ্রেট করে কাপড়ের সাহায্যে ভালো করে রসটা বের করে নিন।

এবার লাউয়ের মধ্যে সব মসলা মিশিয়ে নিন। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচ মিশিয়ে নিয়ে বেসন দিয়ে দিন। সবার শেষে লবণ আর পাতি লেবুর রস মেশান।কড়াইতে তেল দিয়ে লম্বা লম্বা করে কাবাবের আকারে গড়ে অল্প আঁচে দুই পিঠ ভেজে নিন।

  লাউ চিংড়ি

উপকরণ

লাউ মাঝারি ১টি, ছোট চিংড়ি মাছ ১৫০ গ্রাম, হলুদের গুঁড়ো ১ চা চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, শুকনো মরিচ ৩টি, পেঁয়াজ কুচি ১টি, সয়াবিন তেল সিকি কাপ, তেজপাতা ২টি, লবণ ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। লাউয়ের খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে ফোড়ন ও শুকনো মরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। এরপর চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেলে ওই কেটে রাখা লাউ কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করুন। লাউ সেদ্ধ হয়ে গেলে স্বাদমতো লবণ দিয়ে অল্প আঁচে কড়াইয়ের ওপর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাখা মাখা হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।