ত্বকের রঙ বুঝে বাছুন লিপস্টিক

পোশাক বা সাজের সঙ্গে মিলিয়ে লিপস্টিক বেছে নেওয়ার চল বহুদিনের। তবে নিখুঁত মেকআপ লুক পেতে শুধু পোশাকের রঙ নয়, নিজের ত্বকের রঙ ও আন্ডারটোনও বিবেচনায় রাখা জরুরি। ভুল শেড আপনার পুরো সাজকে মøান করে দিতে পারে, আবার সঠিক শেড সাধারণ সাজেও এনে দিতে পারে বাড়তি আকর্ষণ। তাই ট্রেন্ড অনুসরণের পাশাপাশি জেনে নিন কোন লিপস্টিক ত্বকে সবচেয়ে বেশি মানানসই। জেনে রাখুন সঠিক শেডের লিপস্টিক শুধু ঠোঁট রাঙায় না, পুরো সাজের ভাষাটাই বদলে দিতে পারে।

ন্যুডের সৌন্দর্য্য

ন্যুড লিপস্টিক এখনো মেকআপ ট্রেন্ডের অন্যতম জনপ্রিয় অংশ। বিশেষ করে ‘মিল্কি ন্যুড’ তৈরি করছে ক্লিন ও ন্যাচারাল লুক। নিজের ঠোঁটের স্বাভাবিক রঙের কাছাকাছি এই শেড ‘নো-মেকআপ মেকআপ’ লুকের সঙ্গে দারুণ মানিয়ে যায়। ফর্সা থেকে মাঝারি ত্বকে সফট কোরাল ন্যুড, ক্যারামেল ন্যুড, রোজ ন্যুড, পিচ ন্যুড ও পিংকিশ বেইজ ভালো মানাতে পারে। শ্যামলা ত্বকে ব্রাউনিশ ন্যুড, মভ ন্যুড ও টেরাকোটা শেড এনে দিতে পারে উষ্ণ ও পরিশীলিত লুক।

চিরসবুজ রেড

লিপস্টিকের দুনিয়ায় লাল কখনো পুরনো হয় না। বোল্ড কিংবা ট্র্যাডিশনাল দুই ধরনের সাজেই রেড লিপস্টিক মানিয়ে যায়। উজ্জ্বল লাল ঠোঁটে এনে দেয় তারুণ্য ও আত্মবিশ্বাসের ছাপ। চেরি রেড, অরেঞ্জ রেড ও রুবি রেড ফর্সা থেকে মাঝারি ত্বকে বেশ আকর্ষণীয় দেখায়। নিখুঁত লুকের জন্য লিপস্টিক লাগানোর আগে লিপ লাইনার দিয়ে ঠোঁটের আকৃতি  এঁকে নেওয়া যেতে পারে।

প্যাস্টেলের স্নিগ্ধতা

পাউডার পিংক, ল্যাভেন্ডার কিংবা পিচ-প্যাস্টেল শেডগুলো মেকআপে  দেয় কোমলতা। বিশেষ করে দিনের বেলার সাজে ও গরমের মৌসুমে এসব রঙ বেশ মানানসই। হালকা মেকআপের সঙ্গে প্যাস্টেল লিপস্টিক রাখে সাজকে সতেজ ও স্নিগ্ধ।

বোল্ডেই বাজিমাত

প্রচলিত শেডের বাইরে যেতে চাইলে বেছে নিতে পারেন পার্পেল, ব্লু কিংবা ডিপ ম্যাজেন্টার মতো বোল্ড রঙ। এসব শেডে একসঙ্গে ফুটে ওঠে ফেমিনিন সৌন্দর্য ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। ফ্যাশন শো থেকে অ্যাওয়ার্ড আয়োজন বিভিন্ন গ্ল্যামারাস আয়োজনে তারকাদের ঠোঁটেও দেখা যায় এমন ব্যতিক্রমী রঙ। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে বোল্ড লিপস্টিক বেশ সহজেই ক্যারি করা যায়। এ ক্ষেত্রে চোখের মেকআপ হালকা রাখলে ঠোঁটই হয়ে উঠবে সাজের মূল আকর্ষণ।

শুধু রঙ নয়, ফর্মুলাও

লিপস্টিক বাছাইয়ের ক্ষেত্রে শুধু শেড নয়, ফর্মুলা ও টেক্সচারও গুরুত্বপূর্ণ। ন্যাচারাল ও গ্লোয়ি মেকআপের সঙ্গে হাইড্রেটিং, ক্রিমি বা গ্লসি ফিনিশের লিপস্টিক বেশ মানানসই। পার্টি মেকআপে ক্রিমি বা গ্লসি ঠোঁট এনে দিতে পারে আরও উজ্জ্বলতা। তবে দীর্ঘস্থায়ী লুক চাইলে লিকুইড ম্যাট এখনো জনপ্রিয় । নিয়মিত ব্যবহারের জন্য বুলেট ও ক্রেয়ন লিপস্টিক ভালো। অফিস বা ফরমাল সাজে খুব উজ্জ্বল শেডের বদলে সফট ন্যুড, রোজ, মভ কিংবা মিউটেড ব্রাউন বেছে নিলে সাজ থাকবে মার্জিত।