ভোলায় স্বামী হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ

ভোলায় স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে হত্যার দায়ে স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০২১ সালে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোররাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহারের বাড়িতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে টিটব ঘুমিয়ে পড়লে নুরনাহার তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে সেটি খণ্ডিত করে একটি পাতিলে রাখার অভিযোগ ওঠে। সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তমাখা দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে।

তৎকালীন পুলিশ জানিয়েছিল, নিহত টিটব মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হতো। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে সে সময় প্রাথমিকভাবে ধারণা করেছিল পুলিশ।

ঘটনাটি প্রকাশের পর ভোলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হলো।

রায়ে আদালত আসামি নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণ ও স্থানীয় এলাকায় এ নিয়ে আলোচনা শুরু হয়।