ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ এলাকার মো. আমির হোসেন (৪৫), দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার মো. মঞ্জু (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর এলাকার মো. হাসান (২১)।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তার ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানায় মামলা করেন সৈয়দ আরাফাত রহমান চৌধুরী। মামলায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে লালমোহনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ছয়টি বালা, এক জোড়া কানের ঝুমকা, দুটি চেইন, দুটি আংটি, এক জোড়া ছোট কানের ঝুমকা, একটি চিকন চেইন ও চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মঞ্জুর বিরুদ্ধে ছয়টি এবং আমির হোসেনের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।