অবশেষে শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বদলি আবেদনের ক্ষেত্রে ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দীর্ঘদিন ধরে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা বদলিব্যবস্থা চালুর জন্য দাবি জানিয়ে আসছিলেন। যদিও এ বিষয়ে কোনো সরকার-ই কার্যকর ব্যবস্থা নেয়নি। অবশেষে বর্তমান শিক্ষামন্ত্রী এ কার্যকর উদ্যোগ নিলেন। এদিকে স্কুল-কলেজের জন্য বদলির ব্যবস্থা চালু হলেও মাদ্রাসা শিক্ষকদের জন্য বদলি চালু করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে মাদ্রাসায়ও বদলির ব্যবস্থা চালু করা হবে।

এদিকে বিভিন্ন সময়ে বদলি নিয়ে বাণিজ্য করার অভিযোগ রয়েছে। এবারও কি এমন সম্ভাবনা আছে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এতদিন এই উদ্যোগ কেউ গ্রহণ করেনি, আমরা উদ্যোগ নিয়েছি। মাত্র তো শুরু হলো, আপনারা (গণমাধ্যমকর্মী) অবজার্ভ করেন, আমরাও তদারকি করব। যদি এমন কিছু ঘটে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকরা অনলাইনে মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ/ডিএ প্রাপ্য পাবেন না; আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষক অবমুক্তি নিশ্চিত করবেন;  অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে; অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে।’

নির্দেশনায় বলা হয়েছে ‘একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবে।

আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন।