রাজধানীর পূর্ব বাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার অপরাধে তার বন্ধু আসিফ শিকদারকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মৃত্যুদন্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। গতকাল মঙ্গলবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ দন্ড দেন। আসিফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ৫ নভেম্বর নাসিম টেলিভিশনে ক্রিকেট খেলা দেখার সময় চিৎকার-চেঁচামেচি করতে নিষেধ করেন দন্ডপ্রাপ্ত আসামি। এ নিয়ে আসিফদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরের দিন ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আসিফ নাসিমকে ছুরিকাঘাত করেন। আহত হয়ে নাসিম দৌড়ে বাসার নিচে গিয়ে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নাসিমের বাবা আলী আহাম্মদ সাইফুদ্দিন ওই দিনই বাড্ডা থানায় এ মামলাটি করেন।