ফজলুল হক হল প্রভোস্টের পদত্যাগ দাবিতে মানববন্ধন

শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ইলিয়াস আল-মামুনের শাস্তি ও পদত্যাগ দাবি এবং হল সংসদ নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদী সময়ে আবরার ফাহাদকে হত্যার পর সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছিল। ঠিক একই কায়দায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী নির্যাতনের সিসিটিভি ফুটেজ গায়েব করতে উঠেপড়ে লেগেছে। যে প্রভোস্ট শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে, সে কোনো প্রভোস্ট নয়, সে একজন গু-া। তার অপরাধের জন্য প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ছাত্রদলের সন্ত্রাসীদের নিয়ে এসে বর্বরোচিত কায়দায় হামলা করা হয়। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ছাত্রদলের বিরোধিতার কারণ কী? তিনি ছাত্রদলের উদ্দেশে বলেন, আপনারা শিক্ষার্থীবান্ধব রাজনীতি করেন, নিপীড়কদের সহযোগিতাকারী হবেন না। আপনাদের এমন রাজনীতির কারণেই ডাকসুতে শিক্ষার্থীরা আপনাদের প্রত্যাখ্যান করেছে।