খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে হত্যাকা-ের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পাশাপাশি মামলায় পলাতক ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। প্রসিকিউশনের দাখিলকৃত প্রতিবেদনের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

এ মামলায় গ্রেপ্তার হয়ে চারজন কারাগারে আছেন। তারা হলেন সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক। ট্রাইব্যুনালে অভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামে দুই আন্দোলনকারীকে হত্যা এবং ৩৪ জনকে গুরুতর আহত করার অভিযোগে এ মামলাটি হয়।