ফার্মা গ্রেড ওয়্যারহাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশের স্বাস্থ্যপণ্য সরবরাহের ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন একটি নতুন ফার্মা গ্রেড ওয়্যারহাউজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ওষুধাগার তথা সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো, জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় এবং গ্লোবাল ফান্ডের অংশীদারত্বে ঢাকার তেজগাঁওয়ে সিএমএসডি প্রাঙ্গণে এই ওয়্যারহাউজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নতুন এই স্থাপনাটি প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যসামগ্রী নিরাপদ, দক্ষ ও মানসম্মতভাবে সংরক্ষণের জন্য আধুনিক ও মানসম্মত অবকাঠামো প্রদান করবে। এর মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যপণ্য সরবরাহ ব্যবস্থার সক্ষমতা আরও জোরদার হবে।

প্রকল্পটি প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। প্রস্তাবিত ওয়্যারহাউজটির আয়তন হবে প্রায় ১৪ হাজার বর্গফুট এবং এতে প্রায় ১ লাখ ঘনফুট সংরক্ষণ সক্ষমতা থাকবে। স্থাপনাটিতে আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, এইচভিএসি এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত থাকবে। এটি ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের প্রয়োজনীয় মানদন্ড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে নির্মিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ: সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান সাক্ষাৎ করেছেন। আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়পক্ষ বিশেষত স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করে।