তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি কারাগারে   

বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার (প্রয়াত) গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাত কাটা’ কাশেমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো নিদেশ দেন। গত সোমবার কাশেমকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার ইন্সপেক্টর আবদুল হান্নান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশ নেন। ওই সময় কারওয়ান বাজারের বাপেক্স ভবনের সামনে খালেদা জিয়াকে ‘হত্যার উদ্দেশ্যে’ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালান। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন। এ মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান।