পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পিএসসির একজন সদস্য দেশ রূপান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই সদস্য বলেন, সকালে সদস্যদের সঙ্গে আলাপকালে চেয়ারম্যান জানিয়েছেন তিনি পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন। এরপর দুপুরের দিকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মোবাশ্বের মোনেম কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে মঙ্গলবার দুপুরের পর থেকে পিএসসিতে বিষয়টি প্রচার হয়ে যায়। একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন, পিএসসি চেয়ারম্যান গতকাল শেষ অফিস করেছেন, ঘনিষ্ঠ কয়েকজনের কাছ থেকে বিদায় নিয়েছেন। ধারণা করা হচ্ছে সরকারের সঙ্গে আলাপ করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রদবদল ও সংস্কার কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় তুমুল বিক্ষোভ ও দাবির মুখে পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করতে বাধ্য হন। ওই বছরের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। প্রায় দুই বছর ধরে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। তার দায়িত্ব পালনকালে বিসিএসসহ সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় হারানো আস্থা ও স্বচ্ছতা ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তবে হঠাৎ করে কেন তিনি এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।