দেশ রূপান্তরের সংবাদের ভিত্তিতে তদন্ত কমিটি

দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত সংবাদের ভিত্তিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ঢাকা মেট্রো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান শওকতের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত সোমবার এ তদন্ত কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, হাসান শওকতের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন)। সদস্য করা হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিবকে (উন্নয়ন-৩)। গত সোমবার এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, বর্ণিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে জরুরিভিত্তিতে প্রতিবেদন দাখিল করবেন। প্রয়োজনে কমিটি কোনো উপযুক্ত কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন।