জন্মভূমি সেনেগালের দায়িত্বে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ভিয়েরা 

ফুটবল মাঠে ফরাসি জার্সিতে বিশ্বজয় করা এবং আর্সেনালের মিডফিল্ড কাঁপানো প্যাট্রিক ভিয়েরা এবার কোচিং ক্যারিয়ারের নতুন ও আবেগঘন এক অধ্যায়ে পা রাখলেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলো থেকে সেনেগালের বিদায়ের পর দেশটির ফুটবল ফেডারেশনের (এফএসএফ) আস্থার প্রতীক হয়ে নিজ জন্মভূমি সেনেগালের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন ৫০ বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি।

সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরা আট বছর বয়সে ফ্রান্সে চলে গেলেও শিকড়ের টান কখনো ভোলেননি। খেলোয়াড়ি জীবনে ফ্রান্সের হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা এই তারকা এর আগে ক্লাব ফুটবলে ক্রিস্টাল প্যালেস, নিস, স্ট্রসবার্গ ও জেনোয়ার মতো দলগুলোর ডাগআউট সামলালেও এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্বে এলেন।

সেনেগালের ফুটবল ফেডারেশন (এফএসএফ) , মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্যাট্রিক ভিয়েরার নিয়োগ নিশ্চিত করে জানিয়েছে, ‘মি. প্যাট্রিক ভিয়েরা সেনেগাল সিনিয়র জাতীয় দলের নতুন কোচ। অফিসিয়াল উপস্থাপনার তারিখ এবং তার দায়িত্ব গ্রহণের পরবর্তী ধাপগুলো পরবর্তীতে আরেকটি ঘোষণার মাধ্যমে জানানো হবে।’

এছাড়া ফেডারেশনের পক্ষ থেকে আরও জানানো হয় যে, এই নিয়োগ তাদের উচ্চ পর্যায়ের কারিগরি কর্মীদের শক্তিশালী করার ‘ইচ্ছার প্রতিফলন’ এবং দেশটির বর্তমান ক্রীড়া লক্ষ্যের সঙ্গে তা ‘সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ’।

পাপ থিয়াউয়ের স্থলাভিষিক্ত হওয়া ভিয়েরা এমন এক সময়ে দায়িত্ব নিলেন, যখন তেরঙ্গা লায়নসরা ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনস (অ্যাফকন)-এর বাছাইপর্বের প্রস্তুতি নিচ্ছে। আগামী মাসেই নতুন কোচের অধীনে মাঠে নামার কথা রয়েছে সেনেগালের।