মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়ালে ইসরায়েল একপর্যায়ে রাষ্ট্র হিসেবে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ। তাঁর দাবি, নিজেদের সামরিক সক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করলে শেষ পর্যন্ত ইসরায়েলকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা।
আপতি আলাউদিনভ বর্তমানে রুশ সেনাবাহিনীর প্রধান সামরিক-রাজনৈতিক অধিদপ্তরের উপপ্রধান এবং আখমাত বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলাউদিনভ বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর মতে, যুদ্ধকে যতটা সম্ভব বিস্তৃত করে যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে সংঘাতে জড়িয়ে ফেলাই ইসরায়েলের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বাড়বে। আমার মনে হয়, সংঘাতকে যতটা সম্ভব বাড়িয়ে তোলা এবং যুক্তরাষ্ট্র ও পুরো ন্যাটো জোটকে এতে জড়িয়ে ফেলাই ইসরায়েলের মূল লক্ষ্য।’
রুশ এই জেনারেল আরও বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে ইসরায়েল নিজেদের সামরিক শক্তি সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে। এর পরিণতিতে দেশটির জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।
আলাউদিনভের ভাষায়, ‘শেষ পর্যন্ত ইসরায়েল নিজেদের শক্তিকে অনেক বেশি বড় করে দেখবে। এর পরিণতিতে রাষ্ট্র হিসেবে তাদের অস্তিত্বই হয়তো থাকবে না।’
তবে তাঁর এই মন্তব্য রাশিয়ার সরকারি অবস্থান নাকি ব্যক্তিগত মূল্যায়ন, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।