ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হওয়ার ঘটনা এবং যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবরে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৯ আগস্ট) এক শোকবাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, চিকিৎসার উদ্দেশ্যে ও অন্যান্য প্রয়োজনে বিদেশে গিয়ে অগ্নিকাণ্ডের মতো মর্মান্তিক দুর্ঘটনায় এবং নৃশংস হামলায় স্বদেশীদের এই অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।
একই সাথে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জামায়াত এই নেতা।
তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান, যেন নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ও সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়।
কলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু