হাসানের বোলিংয়ে ম্যাকগ্রার ছায়া দেখছেন ফ্লেমিং

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর খেলতে এসে ডারউইন টেস্টে ৯ উইকেটের অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের দলের এই অভাবনীয় সাফল্যে কেবল দেশের ক্রিকেটপ্রেমীরাই নন, বরং মোহিত হয়েছেন খোদ অজি ক্রিকেট তারকারাও। অস্ট্রেলিয়ার ‘ফাস্ট বোলিং কার্টেল’ পডকাস্টে সাবেক পেসার ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি ও গ্লেন ম্যাকগ্রা বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

বিশেষ করে পেসার হাসান মাহমুদের নিখুঁত লাইন-লেংথ দেখে কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছেন ফ্লেমিং, আর ওপেনার তানজিদ হাসানের নান্দনিক ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন গিলেস্পি।

ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৯ উইকেট শিকার করা হাসানকে নিয়ে বলতে গিয়ে ফ্লেমিং সরাসরি অজি কিংবদন্তি ম্যাকগ্রার তুলনা টেনেছেন। পডকাস্টে ম্যাকগ্রার সামনেই তিনি মন্তব্য করেন, ‘হাসান মাহমুদ পারফেক্ট লেংথে বোলিং করেছে। আমি জানি না তুমি কোনো হাইলাইটস দেখেছ কি না, সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। অবিরাম ব্যাটারদের সামনে খেলতে বাধ্য করা এবং লেংথ থেকে বলের মুভমেন্ট আদায় করে নেওয়া, যেখানে মূল মন্ত্র ছিল কেবল মৌলিক কাজগুলো নিখুঁতভাবে করা।’ 

দীর্ঘ দুই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন প্রত্যাবর্তনকে বিশ্ব ক্রিকেটের জন্য বড় এক ইতিবাচক দিক হিসেবে দেখছেন ম্যাকগ্রা নিজেও। বাংলাদেশ দল ও অস্ট্রেলিয়ায় তাদের আগমন নিয়ে ম্যাকগ্রা বলেন, ‘ক্রিকেটকে ভালোবাসে বাংলাদেশ। এর আগে তারা অস্ট্রেলিয়াতে এসেছিল ২৩ বছর আগে। বাংলাদেশ ভালো করতে পারবে না, এমনটা ভেবেই অস্ট্রেলিয়া ২৩ বছর তাদের সঙ্গে ঘরের মাঠে খেলেনি। এরপর তারা অস্ট্রেলিয়ায় এসে এমন পারফর্ম করল! এটা বিশ্ব ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক দিক।’ 

এদিকে আলাপের এক সময় উঠে আসে বাংলাদেশ দলের দারুণ ব্যাটিংয়ের প্রসঙ্গটাও। যার কেন্দ্রে স্বাভাবিকভাবেই সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। তার টেকনিক ও শট নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে জেসন গিলেস্পি বলেন, ‘তানজিদের টেকনিক দারুণ। ফুল লেংথের বলে সে সামনে খেলেছে, শর্ট বল খেলেছে ব্যাকফুটে, একেবারেই বেসিক টেকনিকে ব্যাটিং করেছে। যখনই অস্ট্রেলিয়ার বোলাররা স্টাম্পের বাইরে বোলিং করেছে, সে মোক্ষম জবাব দিয়েছে।’ 

আগামী শনিবার ম্যাকেতে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও বাংলাদেশ যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে আরও দারুণ কিছু অর্জন করা সম্ভব বলে মনে করছেন এই অজি তারকারা।