রবিবার ঢাকায় ফিরছেন হাসান, যাচ্ছেন রিশাদ-তানভীর

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরছেন বাংলাদেশ দলের ডানহাতি পেসার হাসান মাহমুদ। পুরোনো চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও ত্যার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী রবিবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। দেশে ফিরে চিকিৎসকের পরামর্শ নেবেন হাসান। এদিকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে মঙ্গলবার ঢাকা ছাড়বেন দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। ওয়ানডে দলে যোগ দেওয়ার জন্য যাচ্ছে তারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হাসান। ওয়ান্ডারার্সে প্রায় ৩২ ওভার বোলিং করে ১১৮ রানের বিনিময়ে নিয়েছিলেন ৪ উইকেট। তবে বল হাতে সাফল্যের পাশাপাশি পুরো ম্যাচজুড়েই শারীরিক সমস্যার সঙ্গে লড়তে হয় তাকে। টেস্ট শুরুর আগেই ডান হাতের কনুইয়ে অস্বস্তি ছিল হাসানের। অনুশীলনেও বাহুতে ব্রেস পরে দেখা গিয়েছিল তাকে।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে একই অবস্থায় বোলিং করেন এই পেসার। দ্বিতীয় দিনের খেলায় মার্কাস অ্যাকারম্যানের স্ট্রেইট ড্রাইভ ফলো থ্রুতে হাসানের হাত ছুঁয়ে মাথায় লাগে। যদিও প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে আবার বোলিংয়ে ফেরেন তিনি।

চতুর্থ দিন পুরোনো টেনিস এলবো সমস্যাটি নতুন করে ভোগায় হাসানকে। দ্বিতীয় ওভারে চার বল করার পর ডান হাতে ব্যথা অনুভব করেন হাসান। মাঠে আসেন ফিজিও। একপর্যায়ে মাঠ ছাড়তে হয় তাকে। প্রায় ১০ ওভার পর ব্রেস খুলে বাহুতে সুরক্ষাব্যবস্থা নিয়ে আবার বোলিং শুরু করেন। দ্বিতীয় নতুন বলে সাইমন হার্মারের উইকেটও তুলে নেন।

গত চার মাসে ছয়টি টেস্ট খেলেছেন হাসান। অস্ট্রেলিয়া সফর, দেশের মাটিতে ও বিদেশের ব্যস্ত সূচির পাশাপাশি কাউন্টি ক্রিকেটেও খেলেছেন দুই ম্যাচ। টানা খেলার ধকল বিবেচনায় তার কাজের চাপ না বাড়িয়ে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। ঢাকায় ফেরার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত