নাশকতায় উস্কানির অভিযোগ

পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে নাশকতায় উস্কানির অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আট শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়েছে। এতে অভিযুক্তদের কর্মকাণ্ডকে গুরুদণ্ডমূলক অপরাধ উল্লেখ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

নোটিশপ্রাপ্তরা হলেন, পবিপ্রবির কৃষি অনুষদের হর্টিকালচার (উদ্যানতত্ত্ব) বিভাগের অধ্যাপক ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো.ওয়াজ কুরুনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মো. শামীম খান এবং সাময়িক বরখাস্ত হওয়া সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।

অফিস আদেশে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালিয়ে নাশকতামূলক কার্যক্রমে উস্কানি দিয়েছেন যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ। এছাড়া তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ তদন্তাধীন রয়েছে। সেই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পুনরায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আইন ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে দুর্নীতি, অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক বার্তা জানিয়েছে।