শায়রুল কবির খানের বোন শিউলি খানমের ইন্তেকাল

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও দলটির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খানের ছোট বোন শিউলী খানম (৫৭) মারা গেছেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট শিউলী খানম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে প্রথমে তাকে নেত্রকোনা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।

শিউলী খানম মাদরাসায় পড়াশোনা করেছেন এবং গৃহিণী ছিলেন। তিনি স্বামী, সন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার স্বামী নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর নিয়েছেন। বড় মেয়ের স্বামী বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কর্মরত। এক ছেলে পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন। ছোট মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারের বাসা নেত্রকোনা জেলা শহরে।

বুধবার বাদ জোহর নেত্রকোনা জেলা বড় জামে মসজিদে শিউলী খানমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নেত্রকোনা জেলা সদর পৌরসভা কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে শিউলী খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিবেশীদের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ মহিলা হিসেবে মরহুমা শিউলী খানম শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমার প্রতিবেশী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমা শিউলী খানমকে বেহেশত নসিব করেন।’

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিউলী খানমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে শায়রুল কবির খান দেশবাসীর কাছে তার বোনের রূহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন।