স্বর্ণ চোরাচালানের মামলায় দুই আসামিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক আফরোজা জেসমিন কলি। পাশাপাশি দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ রায় দেন তিনি।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জের মো. আরিফ এবং হাজীগঞ্জের মো. রুবেল। রায়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন উক্ত আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথির তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৭ মার্চ দুপুরে নগরের আকবরশাহ থানাধীন সিডিএ ১ নম্বর রাস্তার মাথায় গোপন সংবাদের ভিত্তিতে আরিফ ও রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৪৬৬ দশমিক ৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।